দেশের খবর

চুয়াল্লিশ ঘন্টা কাটল বিদ্যুৎ বিহীন

জামালপুরের সরিষাবাড়ীতে ঝড়ে গাছ-পালা পড়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগস্ত হয়। এ কারণে পল্লী বিদ্যুৎ সমিতি সমস্যাপূর্ণ কয়েকটি এলাকায় পরিচালন ব্যবস্থা বন্ধ রাখে। ফলে রোববার সন্ধ্যা হতে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৪৪ ঘন্টা বিদ্যুৎ বিহীন কাটে সরিষাবাড়ীর বিভিন্ন স্থানের বিদ্যুৎগ্রহীতাদের। 

জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ-পালা উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইনের উপর। এ কারণে কোথাও তার ছিঁড়ে যায়। আবার কোথাও খুঁটি ভেঙ্গে পড়ে। তাই সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি দুর্ঘটনা এড়ানোসহ সঞ্চালন লাইন মেরামতের জন্য সাময়িক বিদ্যুৎ পরিচালন ব্যবস্থা বন্ধ রাখে। বিভিন্ন স্থানে লাইন মেরামত ও খুঁটি পরিবর্তনসহ গাছপালা কেটে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ পরিচালন পদ্ধতি চালু করে। আধঘন্টা পর আবার বিদ্যুৎ চলে যায়। ঘন্টা তিনেক পর একবার এসে ১০ মিনিট পর ফের চলে যায়। বিকেলে বিদ্যুৎ পরিচালন ব্যবস্থা ঠিকঠাক হয়। ফলে সরিষাবাড়ীর রঘুনাথপুর, বাঁশবাড়ী ও মাটিয়াজানিসহ বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎগ্রাহক ৪৪ ঘন্টা বিদ্যুৎবিহীন কাটায়। এতে করে বিদ্যুৎ গ্রাহকদের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বন্ধ থাকায় দারুণ অসুবিধা হয়। এ বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেলোয়ার হোসেন খান জানান, ঝড়ে গাছ-পালা উপড়ে বিদ্যুৎ লাইনের উপর পড়ায় বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। গাছ-পালা কেটে লাইন মেরামত করতে অনেক সময় লাগে। তাই বিদ্যুৎ পরিচালন ব্যবস্থা চালু করতে দেরি হয়েছে।



সম্পর্কিত খবর