ঢাকা

জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকি: সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সানজারুল কবির জহিরের বিরুদ্ধে এক প্রবাসীর পৈতৃক ১১ শতাংশ জমি দখল, হামলা ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈতৃক জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী আরিফুল ইসলাম মুন্না।

শুক্রবার রাতে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার হাসান টাওয়ারের নিচতলায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম মুন্না অভিযোগ করেন, তাঁর বাবার সরলতার সুযোগ নিয়ে প্রায় আট বছর আগে সানজারুল কবির জহির তাঁদের পৈতৃক জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তাঁর বাবা মারা যাওয়ার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি নিজের বলে দাবি করে দখলে রাখেন জহির।

ভুক্তভোগীর দাবি, সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে নিজের জমিতে ব্যবসা শুরু করার উদ্দেশ্যে দোকানঘরটি খালি করে দিতে বলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি উল্টো ওই ১১ শতাংশ জমি নিজের বলে দাবি করেন।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্ত ব্যক্তি নিজের দাবির পক্ষে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি বলে অভিযোগ করেন আরিফুল। এরপরও জমিটি জোরপূর্বক দখলে রাখা এবং তাঁদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।

আরিফুলের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করা হলেও তারা প্রত্যাশিত প্রতিকার পাননি। বরং তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুক্রবার সকালে জহিরের লোকজন বিতর্কিত জমিতে নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করলে ভুক্তভোগীরা বাধা দেন। এ সময় তাঁদের ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে আরিফুল ইসলাম তাঁর পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে তাঁরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জমির বিরোধ নিষ্পত্তি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে।

 


সম্পর্কিত খবর