ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন, দ্রুত ফল প্রকাশের আশ্বাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শনিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এই ভর্তি পরীক্ষা বেলা ১২টায় শেষ হয়।

 

দেশের ১৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে। বিভাগভিত্তিক কেন্দ্রের সংখ্যা অনুযায়ী ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৩টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিদর্শন করেন। পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি গণমাধ্যমকে জানান, দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে।

 

পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুমে অবস্থান করে সারাদেশের বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। এ সময় কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদসহ আমন্ত্রিত অতিথিরা।

 

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও কন্ট্রোল রুমে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সারাদেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।



সম্পর্কিত খবর