৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা কারাগারে বন্দি দরিদ্র কয়েদিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত নিবারণে কম্বল পেয়ে দেশের অন্যান্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রেণি-পেশার মানুষের মত কয়েদিরাও খুশি হয়েছেন। একই সাথে কম্পিউটার, ইলেকট্রিক ও কাঠের আসবাবপত্র তৈরির প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে কম্বল বিতরণ শুরু হয়। এর আগে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন জেলার আবু ফাত্তাহ, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, কমিটির যুগ্ম সম্পাদক তৌফিকুল আলম শরীফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, ভুল করে অপরাধে জড়িয়ে যারা এখানে এসেছেন তারা নিজেকে শুধরিয়ে নতুন জীবনে ফিরে যাবেন। কারাগারে জীবনের ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে পরিবার পরিজন নিয়ে সুন্দর জীবন যাপন করবেন বলে তিনি আশা করেন। জামালপুর কারাগার নানা কারণে ভালোলাগার জায়গা হয়ে উঠেছে। এখানে সবজি চাষ, ফুলের বাগান এবং পরিষ্কার, পরিচ্ছন্নতা মনকে প্রফুল্ল করে তুলে। এখানে যারা বন্দি অবস্থায় আছেন তাদের পরিশ্রমের ফল এসব ফসল। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেল সুপার তাসনীম জাহান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য মো. ইয়াকুব আলী শাহ ফকির, মো. জাকির হোসেন তারা, মো. মতিউর রহমানসহ জেলা কারাগার ও সমাজসেবার কর্মকর্তা, কর্মচারীগণ। কম্বল বিতরণের আগে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে শিক্ষিত কয়েদিদের হাতে বিভিন্ন উপন্যাস ও জীবনী গ্রন্থ তুলে দেয়া হয়েছে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রবেশন কর্মকর্তা আব্দুছ সালাম।