সিলেট

জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা, সম্মাননা জানাল ছাত্রশিবির

শ্রীমঙ্গলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, মেধা ও নৈতিকতায় দেশ গড়ার আহ্বান

মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের চার তলার সম্মেলন কক্ষে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সম্পাদক শফি আহমেদ ও সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। প্রধান অতিথি (মেহমান) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় গবেষণা ও মানবাধিকার সম্পাদক এবং শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন এবং শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অর্থ সম্পাদক জুয়েল আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম রাতুল এবং ৩ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির আহমেদ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে দ্য বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গাজী মুসাররাত সিনিন এবং নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাকি।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা জরুরি। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

একই সঙ্গে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে দায়িত্বশীল, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

 


সম্পর্কিত খবর