দেশের খবর

জয়পুরহাটে ভটভটি উল্টে কাউন্সিলর নিহত

জয়পুরহাটের ক্ষেতলালে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে ক্ষেতলাল পৌর সভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলম হোসেন মৃধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন মৃধা উপজেলার বটতলী মৃধাপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের নতুনহাটে গরু বিক্রি করতে আসেন ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর আলম হোসেন মৃধা। বিকেলে ওই হাট থেকে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে ভটভটিতে বাড়ি ফেরার সময় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় ভটভটিটির চাকা পাংচার হয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই আলম মৃধার মৃত্যু হয়। এ ঘটনায় ভটভটিতে থাকা আরও তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির সদস্য আসলাম হোসেন জানান, ভটভটিতে থাকা কাউন্সিলর আলম হোসেন মৃধা নিহত হয়েছেন। মারা গেছে দুটি গরুও। আহত হয়েছেন আরও তিনজন।



সম্পর্কিত খবর