স্থানীয় ও অস্থানীয়দের উটকো ঝামেলা ঠেকাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী উচ্চ বিদ্যালয় গেইটে তালা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ভোরে স্থানীয়দের নজরে এলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্কুল শুরুর আগে এমনকি স্কুল ছুটির পরে স্থানীয় ও অস্থানীয়রা ক্যাম্পাসে ঢুকে নানা ঝামেলার সৃষ্টি করে। ফলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে মন কষাকষির ঘটনা ঘটে। বিশেষ করে সকাল ও বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত অবধি বহিরাগতদের আনাগোনা স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটায়। ছুটির দিনগুলোতে অর্থাৎ শুক্র ও শনিবার সবচেয়ে বেশি সমস্যা হয়। এ জন্য স্কুল কর্তৃপক্ষ শুক্রবার ভোরে স্কুল গেইটে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়দের মধ্যে যারা কারণে-অকারণে স্কুল ক্যাম্পাস ব্যবহার করত তাদের কিছুটা সমস্যা হয়েছে। তথাপি স্কুল ক্যাম্পাস তথা এলাকার সুস্থ ধারার পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষা সচেতন মহল স্কুল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।