খুলনা

ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশনে রাতে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় স্টেশন কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

বারোবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ স্টেশনের অফিস কক্ষের সামনে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কোনো কর্মচারী হতাহত হননি। পাশাপাশি অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

 


সম্পর্কিত খবর