ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী রাজন বিশ্বাসের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে রাজনকে একতারপুর গ্রাম থেকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ, যশোর সহ বিভিন্ন থানায় নাশকতা, মাদক, ধর্ষণ চেষ্টাসহ ছয়টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।