দেশের খবর

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় হামজা রহমান (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মাসুম অরফে মাসুদ (২৩)। শনিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শৈলকুপা-লাঙ্গলবাধ সড়কের হাজরামিনা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামজা রহমান উপজেলার মনোহরপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের রাফা উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় হামজা রহমান বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে শৈলকুপা বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি পুকুরের মধ্যে পড়ে যায়। আর বাইসাইকেল আরোহী রাস্তায় পড়ে গুরুতর আহত হন। বাইসাইকেল আরোহীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী।



সম্পর্কিত খবর