খুলনা

ঝিনাইদহে হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে ঝিনাইদহে এলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার দুপুর দুইটার দিকে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যখাতে লুটপাট করেছে। যে কারণে স্বাস্থ্যখাতের বেহাল দশা এখনো কাটেনি। এ অবস্থার উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী ৩ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় রূপান্তরিত করার পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রী এদিন বেলা ১১টার পর ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।

দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে মন্ত্রী নিজেই চিকিৎসক ও নার্সদের উপস্থিতি পরীক্ষা করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী হাসপাতালটির খাবারের মান যাচাইয়ে নিজে খেয়ে পরখ করেন। তিনি হাসপাতালের শৌচাগার ও ছোটখাটো বিষয়ও খতিয়ে দেখেন। প্রায় এক ঘণ্টা ধরে তিনি এসব বিষয় খতিয়ে দেখেন।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামীতে ১৫১ শয্যার হাসপাতালে নারীদের জন্য ২০টি আলাদা শয্যা, শিশুদের জন্য বিশেষায়িত ১৫টি শয্যা এবং কিডনি ডায়ালিসিসের জন্য ৫টি যন্ত্র থাকবে। এ ছাড়া উন্নত সরঞ্জামসহ জেলা সদরের মতো চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে।

মন্ত্রীর পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর বিকেল ৩টার দিকে তিনি ঝিনাইদহের উদ্দেশে রওনা হন।

 


সম্পর্কিত খবর