টাঙ্গাইলের সখীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা-নলুয়া আঞ্চলিক সড়কের বেলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালা পাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। এদের মধ্যে লিখন ও আবির স্থানীয় কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বেলতলী এলাকায় দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে লিখন ও সাব্বির মারা যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি মোটরসাইকেলের চালক ছিলেন আবির এবং অন্যটির চালক ছিলেন সাব্বির। নিহত লিখন ও আবির একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল জানান, নিহত লিখন ও আবির তার বিদ্যালয়ের নবম শ্রেণির বর্তমান শিক্ষার্থী এবং সাব্বির একই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়িই একই গ্রামে হওয়ায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুজনের মরদেহ থানায় আনা হয়েছে এবং অন্যটি ঢাকা থেকে সখীপুরে আসার প্রক্রিয়ায় রয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।