টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের ঐকান্তিক প্রচেষ্টায় টাঙ্গাইলে প্রথমবারের মতো ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জনসেবা চত্বরে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
এখানে ৫১টি স্টলে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে এবং তারা নিজেদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য নিবন্ধনের (রেজিস্ট্রেশন) মাধ্যমে সিভি সংগ্রহ করছে।
জেলা প্রশাসক শরীফা হক জানান, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় এসে তাঁদের আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয় বিবেচনা করেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবে এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। ভবিষ্যতেও এমন জব ফেয়ারের আয়োজন করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।