চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ থেকে মোক্তার হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, মোক্তার সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করতেন। তার কাছ থেকে ছয়টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ভোর রাতে হ্নীলার মুরালীপাড়া সাকিনের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোক্তারকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল ও একটি থ্রি-কোয়ার্টারগান ছাড়াও তিন রাউন্ড কার্তুজ এবং পাঁচ রাউন্ড খালি খোসা জব্দ করা হয়। মোক্তার যাদের কাছে অস্ত্র বিক্রি করতেন, তাদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।

মোক্তার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়ার হাজী নুর আলীর ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

 

 



সম্পর্কিত খবর