বিনোদন

বাবা-মা কিংবদন্তি, সফল নিজেও; এরপরও যে আক্ষেপ ত্রপার

মঞ্চ অভিনেত্রী ও নাট্যনির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ত্রপা মজুমদার। পাশাপাশি শত শত বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন তিনি।

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অভিনেত্রী প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরবও অর্জন করেছেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন।
পাশাপাশি একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করছেন।

 

এতসব প্রাপ্তির পরও ত্রপা মজুমদারের মনে রয়েছে একটি আক্ষেপ।

এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করা হয়নি তার।

 

এ প্রসঙ্গে ত্রপা মজুমদার বলেন, ‘বর্তমান সময়ে কী দারুণ সব সিনেমা হচ্ছে।

 

আমি পর্দায় ওসব কাজ দেখি, আর আফসোস করি। জানি না কবে আমি চলচ্চিত্রে অভিনয় করতে পারব। তবে আমি মুখিয়ে আছি বড় পর্দার অভিজ্ঞতা নেওয়ার জন্য।’

 

সম্প্রতি ত্রপা মজুমদার অতিথি হিসেবে অংশ নিয়েছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্টটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এতে উঠে এসেছে ত্রপা মজুমদারের না-বলা অনেক কথা।

বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের আমন্ত্রণেই বিজ্ঞাপনের কণ্ঠ দেওয়ার কাজ শুরু করেছিলেন ত্রপা মজুমদার। তানিয়া আহমেদের প্রথম বিজ্ঞাপনগুলোর একটি দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় তার। প্রথম কাজের জন্য সম্মানী হিসেবে পেয়েছিলেন ২০০ টাকা।

পডকাস্টে ত্রপা মজুমদার তার কিংবদন্তি বাবা-মা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে নিয়েও এমন কিছু কথা জানিয়েছেন, যা এর আগে কখনো প্রকাশ্যে বলেননি তিনি।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।



সম্পর্কিত খবর