ঢাকা

ডাংগা-ঘোড়াশাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ভোগান্তিতে হাজারো মানুষ

নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ঘোড়াশাল-ডাংগা সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়া এই সড়কে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রছাত্রী, রোগী, শ্রমজীবী জনগণসহ সব শ্রেণি-পেশার মানুষকে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ঘোড়াশাল থেকে ডাংগা ইউনিয়নে যাওয়ার প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অধিকাংশ জায়গায় বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এর ফলে যানবাহনগুলো হেলেদুলে চলতে বাধ্য হচ্ছে এবং নিয়মিত গাড়ি নষ্ট হচ্ছে।

 

এই অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ডাংগা ইউনিয়নের পূবালী বাজার এলাকায় ‘ডাংগা ইউনিয়ন সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামাল উদ্দিন, এনসিপি নরসিংদী জেলা কমিটির সদস্য নাঈম খান সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

 

বক্তারা বলেন:

 

"এই সড়কটি ডাংগা ইউনিয়নের মানুষের জীবনরেখা। অথচ দীর্ঘ বছরের অবহেলায় এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রোগী নিয়ে হাসপাতালে যেতে দুর্ভোগ হচ্ছে, স্কুল-কলেজে যেতে ছাত্রছাত্রীদের চরম কষ্ট পোহাতে হয়। অবিলম্বে এই সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত সংস্কার করতে হবে।"

 

এ সময় স্থানীয় নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।



সম্পর্কিত খবর