গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়ীতে ডাকাতি ঘটনার ৭ দিনের মাথায় লুণ্ঠিত মালামালের আংশিক উদারসহ চারজন ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার চরহাসাদিয়া গ্রামের মৃত দুলালের ছেলে মোঃ ফারুক, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার যোগী শাসন গ্রামের সাব্বির আলীর ছেলে সাগর আলী, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস গ্রামের শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ও একই জেলার গোসাইরহাট থানার কাজী কান্দি গ্রামের দাদন মিয়ার ছেলে লোকমান।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলা জজ কোর্ট আদালতে প্রেরণ করে গাজীপুর জিএমপি পূবাইল থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরন করে।
এ বিষয়ে গাজীপুর জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে পূবাইল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও উত্তম কুমার সূত্রধর তাদের সহযোগীদের নিয়ে ৬ দিন ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উল্লেখি ডাকাতদের গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য যে ঘটনাটি ঘটেছে (২৯ জানুয়ারি) রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মহানগরীর ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়া ওকাল উদ্দিনের নির্মাণাধীন বাড়ীতে।
ভূক্তভোগী ওকাল উদ্দিন জানান, মুখোশধারী ডাকাত দলের ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ীর পেছনের দিকে মই সংযোগ করে ছাদে উঠে। উন্মুক্ত ছাদ দিয়ে বাড়ীতে ঢুকে বাড়ীর চারটি গেট শাবল দিয়ে ভেঙে ফেলে, পরে প্রধান ফটক খুলে নেয়। ডাকাতেরা ঘরে ঢুকে ভাড়াটিয়াসহ সবাইকে হাত, পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মোট সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও ১৩ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ডাকাতদলের সবাই মুখোশ পরিহিত ছিলো।
এ ঘটনায় ওকাল উদ্দিন বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা দায়ের করে। মামলা নং-১১।