দেশের খবর

ডাসারে ক্ষুরা ভাইরাস রোগে আক্রান্তে৬টি গরুর মৃত্যু

মাদারীপুরের ডাসারে ক্ষুরা রোগ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬টি গরু মারা গেছে। হঠাৎ করে দেখা দেয়া এই ভাইরাস রোগে আক্রান্ত হয়ে নবগ্রাম ইউনিয়নে এসব গরুগুলো মারা গেছে । এছাড়াও এলাকার বেশিরভাগ গবাদি পশু ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে খামারি ও কৃষকরা।

সরজমিনে উপজেলার নবগ্রাম ইউনিয়নের গ্রাম ঘুরে দেখাগেছে, অধিকাংশ গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। সঠিক সময়ে গরুর ক্ষুরা রোগের ভ্যাকসিন না দিতে পারায় গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে ৬টি গরু মারা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এ রোগে আক্রান্ত হলে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়, পায়ের ক্ষুরায় ও মুখে ক্ষতের সৃষ্টি হয়। গবাদিপশুর শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। মুখ দিয়ে অনাবরত লালা বের হতে থাকে। গরুর খাওয়া বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত গরু দুর্বল হয়ে চলাচলের শক্তি হারিয়ে ফেলে। এক পর্যায় মারা যায়।

নবগ্রাম ইউনিয়নের কৃষক দুলাল মৃধা জানান, আমার একটি ফ্রিজিয়ান জাতের একটি গাভি ও একটি বাছুর ছিল। সপ্তাহ খানেক ধরে ক্ষুরা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। প্রথমে রোগটি সম্পর্কে ধারণা ছিল না। এই রোগে আক্রান্ত হয়ে আমার একটি বাছুর ও একটি গাভি মারা গেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের কোনো সহযোগিতা পাইনি।

ক্ষতিগ্রস্ত কৃষক সজল বৈদ্য কান্না জড়িত কণ্ঠে জানান, আমার দু'টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি গরু লালন -পালন করে জীবিকা নির্বাহ করি। আমরা গরীব মানুষ কীভাবে বাঁচবো।

ডাসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার বলেন, আমি একসপ্তাহ ধরে সাভারে ট্রেইনিংয়ে আছি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি লোক পাঠিয়ে খোঁজ নিব।



সম্পর্কিত খবর