কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে অনেকগুলো মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেগুলো আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ।
এ বিষয়ে মঙ্গলবার (২৮ মে) রাতে মুঠোফোনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখেছি। আনুষ্ঠানিকভাবে ওই খণ্ডাংশ বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। আমার ভারতীয় ভিসা রয়েছে। ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ডাকলে অবশ্যই যাবো।’
ডরিন বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাবার হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা গভীরভাবে তদন্ত করতে হবে। কেউ যেন বাদ না পড়ে।’
মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমার বাবা জনপ্রিয় মানুষ ছিলেন বলেই প্রধানমন্ত্রী তাকে মোট পাঁচবার মনোনয়ন দেন। বাবার হত্যার বিচারের বিষয়টি অন্যদিকে ধাবিত করার জন্য প্রতিপক্ষরা উঠে পড়ে লেগেছে।’
গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর ১৩ মে ভারতের বন্ধু গোপালের বাড়ি থেকে দুপুর ১টা ৪১ মিনিটে বের হয়ে নিখোঁজ জন। এরপর তাকে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করা হয়েছে বলে জানায় কলকাতা পুলিশ। তবে কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।