প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া এবং পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট প্রদানের ওপর জোর দিয়ে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার এ নির্দেশনা জেলা প্রশাসকদের কাছে পৌঁছে দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমি নামজারি বা রেজিস্ট্রেশনসহ সব ধরনের নাগরিক সেবা সম্পূর্ণ হয়রানি ও দুর্নীতিমুক্ত পরিবেশে প্রদান করতে হবে। জেলা প্রশাসকদের নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো ধরনের ভয়ভীতি বা তদবিরের প্রভাব না পড়ে।
চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশি তদন্তের প্রয়োজনীয়তা নেই। জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা প্রদানে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখার পাশাপাশি জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে বলা হয়েছে।
জেলা প্রশাসকদের সৎ ও সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে, যেখানে সরকারি স্তুতিবাক্য ও তদবির পরিহার করা উচিত।
মাঠ পর্যায়ের কার্যক্রমে সরকারের নজরদারি রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এই নির্দেশনাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণ যেন হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বায়ান্ন/একে