জাতীয়

ঢাকার সিএমএম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবিদের বিক্ষোভ মিছিল থেকে একজন আটক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাইসহ নানা স্লোগান দেওয়ার সময় একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ২৫-৩০ জন আইনজীবী এ বিক্ষোভ মিছিল বের করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত থেকে হাজতখানায় নামানোর সময় আওয়ামীপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা সিএমএম আদালতের নিচে একত্রিত হন। এ সময় তারা শেখ হাসিনার বারবার দরকার; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ নানা স্লোগান দেন।

এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান গণমাধ্যমকে বলেন, আদালত প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখছি যোগ করেন তিনি।



সম্পর্কিত খবর