জাতীয়

ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দিনব্যাপী কর্মসূচি শনিবার

অন্তর্বর্তী সরকারের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ১৯ এপ্রিল (শনিবার) ঢাকায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করতে যাচ্ছে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে জানানো হয়, ১৯ এপ্রিল সকাল ১০টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে কর্মসূচি শুরু হয়ে সন্ধ্যায় উত্তরাতে গিয়ে দিনব্যাপী চলা এই  গণসংযোগের সমাপ্তি টানা হবে। গণসংযোগ চলাকালীন সময়ে ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। প্রথম পথসভাটি হবে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। এরপর প্রেস ক্লাব, শাহবাগ, ফার্মগেইট, মিরপুর-১০ ও উত্তরার রাজলক্ষ্মীতে পথসভা করা হবে।

দিনব্যাপী এই কর্মসূচির রুট সম্পর্কে জানানো হয়, বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে প্রেসক্লাব-টিএসসসি-শাহবাগ-ফার্মগেইট-শ্যামলী-মিরপুর(১)-মিরপুর(১০)-ইসিবি চত্ত্বর- বিমানবন্দর হয়ে উত্তরাতে গিয়ে শেষ হবে।

পথসভাগুলোতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুল রশীদ ফিরোজ, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বিপ্লবী  ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফন্ট, বিসিএল-এর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও মানবাধিকার কর্মীগণ সংহতি জানাবেন।

নেতৃদ্বয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও  প্রচারপত্র বিতরণ কর্মসূচি সফল করার জন্য রাজধানীবাসীকে আহ্বান জানান এবং প্রশাসনের সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর