দেশের খবর

তিনটি অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা ১০ লক্ষ টাকা

 

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানে ইটভাটাগুলো বন্ধ করার পাশাপাশি তিনটি ইটভাটার মালিককে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করে সাথে সাথে আদায় করে নেওয়া হয়।
 
রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের দরবারিয়া এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদের অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাল আদালত। ভ্রাম্যমাণ আদালত সার্বিক পরিচালনা করেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে জিআরবি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা, এসবি স্টার ইটভাটার মালিককে ৪ লাখ টাকা, এনবিএম ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করে। এসময় ইটভাটার বিভিন্ন অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরে ইটভাটা গুলো বন্ধ করে দেওয়া হয়।
 
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, কালিয়াকৈর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
 
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিলো। আজকে অভিযানের সময় ইটভাটার কাগজপত্র দেখতে চাইলে, মালিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই তিনটি ইটভাটার মালিককে বৈধ কাগজপত্র না থাকায় ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে মালিকপক্ষ জরিমানা নগদ পরিশোধ করেন।
 
তিনি আরো জানান, এছাড়াও ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। ইট ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। আদেশ অমান্য করে পুনরায় অবৈধ ইটভাটা চালু করতে চাইলে মালিকপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলায় অন্যান্য অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটার অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।
 
 


সম্পর্কিত খবর