দেশের খবর

তিন কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে ৬১ শতাংশ সরকারি খাস সম্পত্তি উদ্ধার করেছে কালিয়াকৈর উপজেলা প্রশাসন। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

 

গত বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।

 

এসময় সরকারি খাস সম্পত্তির উপরে নির্মিতব্য মূল ফটক, সীমানা প্রাচীরসহ কারখানার সেট ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার সময় কারখানা কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। পরে উদ্ধারকৃত জমিতে সীমানা খুঁটি, সাইনবোর্ড লাগানো হয়।

 

অভিযানে আরো উপস্থিত ছিলেন, হকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলমসহ সার্ভেয়ার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকী জানান, আফতাব গ্রুপ নামক একটি বেসরকারি শিল্পগোষ্ঠী দীর্ঘদিন যাবত অবৈধভাবে ৬১ শতাংশ সরকারি খাস সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করে আসছিলো। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন সময় একাধিকবার নোটিশ করা হয়। কারখানা কর্তৃপক্ষ তাদের স্থাপনা সরিয়ে নিতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি তারা। গত বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। পরবর্তী সময় যদি তারা আবার এই সরকারি খাস সম্পত্তি দখল করতে আসে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এছাড়া কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস ও বন বিভাগের জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।



সম্পর্কিত খবর