ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা থেকে শত শত শিক্ষক-কর্মচারী যোগ দেন। শিক্ষক-কর্মচারীদের মূল দাবিগুলো হলো— ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তৃতায় প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ এবং মাদরাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতারা তাঁদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।
শিক্ষক নেতারা জানান, গত ১২ অক্টোবর ঢাকায় বিশাল জনসমাবেশের মাধ্যমে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় ১৩ অক্টোবর থেকে দেশজুড়ে স্কুল, কলেজ ও মাদরাসায় কর্মবিরতি চলছে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষকরা রাজপথের এই আন্দোলনে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।