দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পচে যাওয়া দই সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের বিখ্যাত 'গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডার'-কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন এই দোকানে অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণে পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে 'গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডার'কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পৌর স্যানিটারি পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে 'গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডার'-এর স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, তিনি সাধারণত খুচরাভাবে দধি বিক্রি করেন। এ কারণে তৈরি করা দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না, তবে এখন থেকে দেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, উদ্ধারকৃত পচে যাওয়া দইগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া, যে মিষ্টি তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে না। তিনি বলেন, "আমরা সবসময় চেষ্টা করি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।"