দেশের খবর

দিগপাইতে গণ শৌচাগার প্রয়োজন

ভৌগলিক, বাণিজ্যিক, যোগাযোগ ও রাজনৈতিক কারণে জামালপুর সদর উপজেলার দিগপাইত জনপদ তথা দিগপাইত উপ-শহর একটি জন গুরুত্বপূর্ণ স্থান। এ কারণেই এখানে বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও, ডাকঘর, হাসপাতাল, ব্যাংক, বীমাসহ ছোট বড় মিল কারখানা। বিশেষ করে জামালপুর অর্থনৈতিক অঞ্চল ও আলী গ্রুপের বেশ কয়েকটি ভারী শিল্পপ্রতিষ্ঠান এ অঞ্চলের মানুষজনের অর্থনৈতিক ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। এছাড়া প্রতিদিন জামালপুরের বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী শেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও কুড়িগ্রাম জেলার যাত্রীগণ এ উপ-শহরের উপর দিয়ে দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তাই উপ-শহরটিতে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকেই কিনে নেয়। ফলে দিগপাইত উপ-শহর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের বড় মোকাম গড়ে ওঠেছে। এ ছাড়া দিগপাইত জনপদের অনেক প্রখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন। যাঁরা বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে আসীন। শুধু তাই নয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। অতীব দুঃখের বিষয় এখানে কোন গণ শৌচাগার না থাকায় অনেককেই সময়ে-অসময়ে বেকায়দায় পড়তে হয়। তাদের এ লজ্জাস্কর পরিস্থিতি এলাকার বিশিষ্টজনদের প্রতি বিরূপ ধারণা পোষণ করতে বাধ্য করে। এজন্য দিগপাইত উপ-শহরে একটি গণ শৌচাগার বর্তমান সময়ের দাবি মাত্র। দিগপাইত উপ-শহরে একটি গণ শৌচাগারের জন্য নানা মহল থেকে যৌক্তিক দাবি ওঠেছে। এজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সদিচ্ছার জন্য সচেতন মহল অধীর আগ্রহে রয়েছেন। আশার কথা, ৭ জানুয়ারি আবুল কালাম আজাদ সংসদ সদস্য নির্বাচিত হয়েই পরদিন দিগপাইতের বিশিষ্ট জনদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সে সময় তিনি গ্রামীণ রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি দিগপাইত ১০ শয্যার স্বাস্থ্য উপকেন্দ্রটিকে ৫০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন। তাই এলাকাবাসী গণ শৌচাগারের বিষয়ে নব নির্বাচিত সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছেন।



সম্পর্কিত খবর