খুলনা

দিনাজপুরে বজ্রপাত নিরোধে তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন

প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছ্বাস এ দেশের নিত্যসঙ্গী। এসবের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ 'বজ্রপাত' প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি, যার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিগত ৪০ বছরে আমাদের দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। বাংলাদেশ সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতদের একটি বড় অংশই কৃষক, যারা খোলা মাঠে কাজ করেন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচির সূচনা করে।

এরই ধারাবাহিকতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রপ কেয়ারের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া বুড়িরহাট সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য, চারা রোপণ কর্মসূচির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত স্থানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে তালগাছের চারা রোপণের এই কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম এবং স্কয়ারের প্রতিনিধি জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন হেড অফিসের প্রতিনিধি এক্সিকিউটিভ (সেলস) তাওহীদ মো. ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর এবং এসডিও আবদুল্লাহ আল হাসিব ইমনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 


সম্পর্কিত খবর