দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা হবে, যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ৪০০ শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খায়রুল কবির খোকন বলেন, "প্রতিটি সংসদীয় আসনে দুটি করে এমন শিক্ষাপ্রতিষ্ঠান করা আমাদের সরকারের একটি বড় সাফল্য। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ হবে নামমাত্র। নরসিংদী সদর উপজেলা নির্বাচনী এলাকাতেও দুটি প্রতিষ্ঠান স্থাপন করা হবে, যা ক্যাডেট কলেজের মানের তৈরি হবে। মেধাবী শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করে আরও ভালো ফলাফল অর্জন করবে।"
তিনি আরও বলেন, "আপনারা দেখেছেন আগে লাল ফিতার দৌরাত্ম্য ও দাপ্তরিক যে জটিলতা ছিল, তার কারণে শিক্ষকদের ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন পেনশনের জন্য, বদলি বা বিভিন্ন কাজের জন্য সময় নষ্ট করতে হতো এবং টাকা-পয়সা খরচ করে রাজধানীতে যেতে হতো। এখন অনলাইনেই সব সুবিধা মিলছে। অনলাইনে আবেদনের সুযোগ থাকায় পেনশনের জন্য আর সরাসরি উপস্থিত হতে হবে না। চাকরিজীবন শেষে অবসরে গেলে পেনশনের টাকার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে বা দাপ্তরিক হয়রানির শিকার হতে হবে না; সরাসরি নিজ অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে টাকা চলে যাবে। বদলির ক্ষেত্রে আগের মতো ভিআইপি বা শিক্ষামন্ত্রী চাইলেই কিছু করতে পারবেন না। নতুন নীতিমালা অনুযায়ী যৌক্তিক বা মানবিক কারণ থাকলে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।