আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত নড়াইলের কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার পরিবারে এখন চলছে শোকের মাতম। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
নিহত কৃষক দল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, "যারা আমার ছেলেকে মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বয়স এখন ৭০ বছরের বেশি; এই বয়সে আমি এখন কী করব?"
শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী নিয়ে বাঁচব? স্বামী হত্যার দ্রুত বিচার চাই।"
নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, "আমার ভাইয়ের অপরাধ কী ছিল? আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গিয়েছিলাম।"
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে নিহত শাহীন ও সোহেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহীন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় শাহীন ও সোহেল মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।