ঢাকা

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতি নবনিযুক্ত প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় গৃহীত এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬)-এ (বিএনপি)-এর ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যা জাতির জন্য আশাব্যঞ্জক।

 

এসময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণের ভিত্তিতে গঠিত নতুন সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন। বার্তায় আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পূরণে সরকার সফল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাইফুল আলম বলেন, নতুন সরকারের কাছে তাদের প্রধান প্রত্যাশা শিক্ষা ও গবেষণা বান্ধব পরিবেশ নিশ্চিত করা। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, একাডেমিক স্বাধীনতা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানমুখী, দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে। অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, গণরায়ের মাধ্যমে গঠিত নতুন সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে বলে তারা আশাবাদী। শিক্ষা ও গবেষণাকে জাতীয় অগ্রাধিকারের কেন্দ্রে রেখে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

 

শিক্ষক সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নবগঠিত সরকার জন- আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে সরকারের সার্বিক সফলতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও কল্যাণমুখী কর্মকাণ্ড কামনা করে দেশের উন্নয়ন- অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গাকৃবি শিক্ষক সমিতি।



সম্পর্কিত খবর