কুষ্টিয়া চারটি সংসদীয় আসনে খাতা কলমে একাধিক দলের প্রার্থী থাকলেও মাঠে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) ও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী ছাড়া কাওকে প্রচার প্রচারনা করতে দেখা যাচ্ছে না। অন্য দলের শক্ত প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করছে রাজনৈতিক বিশ্লেষক। কুষ্টিয়া -৪ (কুমারখালী - খোকসা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ (নৌকা) প্রতিক নিয়ে ও একই দলের সাবেক সংসদ সদস্য আব্দুর রউব (ট্রাক) প্রতিক নিয়ে নির্বাচন করছেন। হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝাই তা এই দুই জনের মধ্যেই হবে। আওয়ামী লীগের দুইটি আংশ কাজ করছে দুইজনের পক্ষে। কুমারখালী চাপড়া ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু কাজ করছেন নৌকা প্রতিকের সেলিম আলতাফ জর্জ এর পক্ষে। মঞ্জু চেয়ারম্যান এক সমাবেশে বলেন, বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এমপি কে নৌকা মার্কায় ভোট না দিলে বিভিন্ন ভাতা সহ সকল সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় উঠান বৈঠকে এমন বক্তব্য দেন তিনি। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, নৌকার পক্ষে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় শতাধিক নারী ও কার্ডধারীদের উদ্দেশ্যে মঞ্জু চেয়ারম্যান বলছেন, সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। এটা জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট না দিলে এইসব সুযোগসুবিধা-ভাতা বাতিল হয়ে যাবে। অন্য কোনো ক্যান্ডিডেটরা ভোট চাইলে আপনারা বিভ্রান্ত হবেন না। নৌকা প্রতীক দিয়ে খোকসা-কুমারখালীতে একজনকে পাঠিয়েছে। সে হচ্ছে সেলিম আলতাফ জর্জ। এই প্রতীক (নৌকা) বাদে ভোট দিলে সব উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে যাবে। ভোট তো কাউকে না কাউকে দেওয়াই লাগবে। নৌকায় ভোট দিয়ে যদি এলাকার উন্নয়ন, বিভিন্ন ভাতা, আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ এগুলো যদি করতে পারি, এগুলো বড় পাওয়া। আমরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে এসেছি। আমরা সবাই নৌকায় ভোট দেব ইনশাআল্লাহ।
বক্তব্যে চেয়ারম্যান আরও বলেন, অন্য কাউকে আপনারা ভোট দিতে পারবে কিনা জানি না। তবে নৌকায় যারা ভোট দেবে তাদের সমস্যা নেই। আপনারা ভোট আগে দেবেন, সেখানে মেম্বারসহ আমাদের লোক থাকবে। আপনাদের মাঝে কিন্তু আমরাই ছিলাম, আমরাই আছি। যারা ১০ টাকা কেজি চাল, টিসিবি পায়নি। তারা কালকেই পাবা, তেল চাল পাবা। আমি মেম্বারের কাছে দিয়ে দেব। আর কোনো চাহিদা আছে?
এসময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের মা মমতাজ বেগম, তার স্ত্রী, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন ও এলাকার বাসিন্দারা।
বক্তব্যের বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, শেখ হাসিনার সরকার, নৌকার সরকার ভাতাসহ বিভিন্ন সুযোগসুবিধা দিচ্ছে। আগামীতে বর্তমান সরকার বাদে অন্যকোনো সরকার এলে এগুলো বাদ হয়ে যাবে। এটা হুমকি না। অন্য কোনো সরকার ক্ষমতায় এলে সেগুলো বাতিল হতেও তো পারে।