খুলনা

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫

নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় প্রতিবেশী সাইফুল বিশ্বাস (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার ভোরে আগদিয়া গ্রাম থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানি খাতুন ও জেসমিন নাহার।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি নিয়মিত সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে আজমল বিশ্বাসসহ তাঁর পরিবারের লোকজন সাইফুল বিশ্বাসকে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত সাইফুলকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 


সম্পর্কিত খবর