খুলনা

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরিদুজ্জামান ফরহাদের ব্যতিক্রমী ভ্যানযোগে গণসংযোগ

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নেমেছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় শতাধিক ভ্যানযোগে গণসংযোগ করেন তিনি।

 

নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লোহাগড়া চৌরাস্তা থেকে ভ্যানযোগে শুভেচ্ছা বিনিময় শুরু করে তিনি সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত যান। পরে তিনি লোহাগড়া বাজার এলাকায় আসেন। এসময় নেতাকর্মীসহ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন ফরহাদ। এছাড়াও প্রায় প্রতিদিনই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি।

 

গণসংযোগকালে ডক্টর ফরহাদ বলেন, "২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাব। এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ।"

 

এ সময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ ইসলামসহ অনেকে।



সম্পর্কিত খবর