ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নেমেছেন নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে শতাধিক ভ্যানযোগে গণসংযোগ করেন তিনি।
নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লোহাগড়া চৌরাস্তা থেকে ভ্যানযোগে শুভেচ্ছা বিনিময় শুরু করে সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত যান ফরহাদ। এরপর তিনি লোহাগড়া বাজার এলাকায় আসেন। এ সময় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এছাড়া প্রায় প্রতিদিনই তিনি ব্যাপক সংখ্যক নেতাকর্মীর সঙ্গে নিয়ে নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
গণসংযোগকালে ড. ফরহাদ বলেন, "২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, আগামী নির্বাচনেও ধানের শীষের মনোনয়ন পাবো। এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ।"
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাহ হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ ইসলামসহ অনেকে।