রংপুর

পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে আসামিসহ ৮০ বোতল মাদক জব্দ

পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি আটক হয়েছেন।

১৩ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় পঞ্চগড় সীমান্তে অভিযান চালানো হয়।

১৪ অক্টোবর বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ বিজিবির অধীনস্থ মিস্ত্রিপাড়া বিওপির টহল দল হাবিলদার চালক সোহেল রানার নেতৃত্বে সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি পঞ্চগড় উপজেলার ফুটকিবাড়ি বগাডাঙা এলাকার মৃত মমির উদ্দীনের ছেলে।

অভিযানকালে আসামির কাছ থেকে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পঞ্চগড় সদর থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া বিজিবি মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে এবং চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর