রংপুর

জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুণ বেশি বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, সেনাবাহিনীর প্রয়োজন নেই— ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে গত জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাই সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, "এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর আছে। আমরা আশা করছি এই পরিবেশেই সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।"

এ সময় সেনাবাহিনী প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, "আমরা এই উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছি না এবং মোতায়েন করাও হবে না। কারণ, গত জাতীয় নির্বাচনের চেয়ে এখানে তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে। তাই এখানে সেনাবাহিনীর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা নেই।"

নির্বাচনের 'লেভেল প্লেয়িং ফিল্ড' বা সমান সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি জানান, কেউ যেন অসৎ উদ্দেশ্যে কাজ করার সুযোগ না পায়, তা নিশ্চিত করা হবে। কেউ কোনো ধরনের অপকর্ম করলে তা প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশ, বিজিবি ও র‍্যাবের পাশাপাশি বডি অন ক্যামেরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 


সম্পর্কিত খবর