রংপুর

পঞ্চগড়ে গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গ্রামীণ চক্ষু হাসপাতালের কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের মিলনায়তনে আউটরিচ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।

আউটরিচ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জনের কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জান্নাতুন ফেরদৌস নিতু এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আবুল হাসনাত।

আউটরিচ প্রোগ্রামে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তিন শতাধিক রোগীকে। এদের মধ্য থেকে ছানাপড়া রোগীদের বাছাই করে অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়।

অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে এবং ছানাপড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্সসহ ছানি অপারেশন করা হবে।

'দ্য ফিউচার ভিশন সেন্টার বাংলাদেশ' প্রকল্পটি আউমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

এরপর গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ও পঞ্চগড় সিভিল সার্জনের সহযোগিতায় সিভিল সার্জনের সম্মেলনকক্ষে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সদর হাসপাতালের নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর