‘কারিগরি শিক্ষা নেব, বেকারমুক্ত বাংলাদেশ গড়ব’ স্লোগান নিয়ে শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে বিজিবির উদ্যোগে দেওয়া হলো ইলেকট্রিক হাউস ওয়ারিং প্রশিক্ষণ।
সীমান্তবর্তী এলাকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
২০ সেপ্টেম্বর রোববার সকালে সনদ বিতরণ উপলক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৩৩ জন শিক্ষিত বেকার যুবককে ২৩ আগস্ট থেকে চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
তিনি বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচারসহ সব ধরনের অপরাধ দমনে অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। তা ছাড়া সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য; যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টিটিসির প্রশিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়।