পঞ্চগড় সদর উপজেলার সীমান্তসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশি এক বৃদ্ধকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটকে রেখেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজনীত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বিরাজনীত সীমান্তে হারানো গরু খুঁজতে যান স্থানীয় বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিন (৭৮)। তখন সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চাউলহাটি ক্যাম্পের সদস্যরা।
এরই প্রতিক্রিয়ায় শনিবার সকালে ওই ভারতীয় নাগরিক সীমান্তে চা-বাগানে কাজ করার একপর্যায়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে আখখেত থেকে আখ ভাঙার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে নিয়ে আসে।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টি এখনো সমাধান হয়নি। স্থানীয়দের স্পষ্ট দাবি, আটক বাংলাদেশি নাগরিককে বিএসএফ ফেরত দিলেই তারা ভারতীয় নাগরিককে হস্তান্তর করবে।