জাতীয়

পদত্যাগ করেছেন সিনিয়র সচিব আবদুল মোমেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা যায়, ৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবদুল মোমেন। গতকাল সোমবার তার পদত্যাগপত্র অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা।  

পদত্যাগপত্রে ব্যক্তিগত  কারণের কথা উল্লেখ করেছেন আবদুল মোমেন। তবে মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

এদিকে গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি রয়েছে।

এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর