২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত বান্দরবানের আলীকদম বাজারস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুক এলাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শোয়াইবুল ইসলাম।
আলোচনা সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণ করা হয়। বক্তারা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নাগরিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহনশীলতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সব ধরনের রাজনৈতিক সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতের সেক্রেটারি সাদেক মিয়া, অফিস সেক্রেটারি আবু সুফিয়ান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হৃদয় চৌধুরী, উপজেলা কর্মপরিষদের সদস্য ও ১ নম্বর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহমুদুল হক, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি (সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী) মুরাদুল ইসলাম এবং উপজেলা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা আবুজর গিফারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও চৈক্ষ্যং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমান উল্লাহ এবং সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা শাখার পক্ষ থেকে নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশে ন্যায়বিচার, আইনের শাসন, মানবিক মর্যাদা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।