টপ নিউজ

শব্দচয়ন নিয়ে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য নিয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত আইনের কঠোরতা বোঝাতেই আইজিপি ওই শব্দটি ব্যবহার করেছিলেন। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের গত ৮ মাসের মেয়াদে দেশে একটিও গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

 

সংবিধান সংশোধন কমিটির ওই বৈঠকে গত ১৭ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৪৮টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের দীর্ঘদিনের অপূরণীয় ক্ষতি ও বেদনার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

তিনি জোর দিয়ে বলেন, গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর সমস্যার স্থায়ী সমাধান এবং তাদের পুনর্বাসনের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে দেশজুড়ে তৈরি হওয়ায় সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি মূলত আইনের কঠোর প্রয়োগের বার্তা দিতে গিয়ে অসতর্কতাবশত শব্দটি ব্যবহার করেছিলেন এবং এ বিষয়ে তাকে ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। বর্তমান সরকার কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।

 

সম্প্রতি বাগেরহাটে ঘটে যাওয়া একটি গুমের অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন না করে সংসদে এসে এবং সংশ্লিষ্ট কমিটিতে বসে আলোচনার মাধ্যমে দাবি ও মতামত তুলে ধরুন।

এ সময় সংবিধান সংশোধনের বিষয়ে আসা প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন তিনি।

 



সম্পর্কিত খবর