খুলনা

পেট্রাপোল বন্দরে যাত্রী ফি কার্যকর, বাড়ছে যাতায়াত খরচ

নতুন বছরের প্রথম দিন থেকেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের খরচ বেড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ রুপি পর্যন্ত 'প্যাসেঞ্জার ইউজার চার্জ' (পিইউসি) আদায় শুরু করেছে।

ভারত সরকারের ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই) এই সিদ্ধান্ত নিয়েছে। পেট্রাপোল বন্দরের ব্যবস্থাপক কামলেশ সাইনি স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জানানো হয়, পরিষেবা ফি হিসেবে ভারতীয় ও বাংলাদেশিসহ প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে ২০০ রুপি এবং তৃতীয় দেশের নাগরিকদের কাছ থেকে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার আদায় করা হচ্ছে। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ৫০ রুপি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আন্তর্জাতিক মানের যাত্রী পরিষেবা নিশ্চিত করতে এবং কার্যক্রম গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে মোবাইল অ্যাপ ও কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে।

তবে এই নতুন ফি আরোপে পাসপোর্ট যাত্রীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বেনাপোল টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী আব্দুর রহিম বলেন, "বাংলাদেশ সরকার আগেই ভ্রমণ কর ও পোর্ট ট্যাক্স বাড়িয়েছে। এখন ভারত সরকার নতুন করে ২০০ রুপি চার্জ আরোপ করায় আমাদের ওপর আর্থিক চাপ আরও বাড়ল। বিশেষ করে চিকিৎসার জন্য যাওয়া অসহায় মানুষের জন্য এটি বড় বোঝা।"

রোমানা নামে অপর এক যাত্রী আক্ষেপ করে বলেন, "নতুন বছরে ভিসা জটিলতা নিরসনের আশা থাকলেও উল্টো অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হলো।" উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী সব আন্তর্জাতিক যাত্রীকে এখন থেকে অতিরিক্ত এই খরচ বহন করতে হবে।



সম্পর্কিত খবর