রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে 'বিয়ারিং প্যাড' খুলে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাডটি সরাসরি ওই যুবকের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করা হলে বর্তমানে মেট্রো চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং প্যাডটি পড়ে আবুল কালামের মৃত্যুর পাশাপাশি ফুটপাতের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, বিয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবার নির্মিত উপাদান, যা মেট্রো লাইনের পিলার বা 'পিয়ার' এবং উড়ালপথ বা 'ভায়াডাক্টে'র সংযোগস্থলে বসানো হয়। এটি স্থাপনার কম্পন সহনশীলতা নিশ্চিত করে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির সংযোগস্থলে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।