অর্থনীতি ও বাণিজ্য

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভের মুখে শ্রীপুরে 'এএ ইয়ার্ন মিলস' অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে 'এএ ইয়ার্ন মিলস লিমিটেড' কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। হঠাৎ কারখানা বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আজ (সোমবার) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের নগরহাওলা গ্রামের কারখানার সামনে এই বিক্ষোভ শুরু হয়।

 

শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা ২৩ অক্টোবর আন্দোলন করেছিলেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয় এবং কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার থেকে কারখানা পূর্ণাঙ্গভাবে চালু হবে। কিন্তু শ্রমিকেরা সকালে এসে দেখেন, মূল ফটকে ঝুলছে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ।

শ্রমিক মিনারা আক্তার বলেন, "আমরা ভেবেছিলাম আজ থেকে কাজ শুরু হবে, কিন্তু উল্টো বন্ধের নোটিশ পেলাম। বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ করা অন্যায়।" শ্রমিক শামীম অভিযোগ করেন, "দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। কয়েক মাস ধরে বেতন দেওয়া নিয়ে টালবাহানা চলছে। এখন বিনা নোটিশে কারখানা বন্ধ করে আমাদের পথে বসিয়ে দিয়েছে।" আরেক শ্রমিক দুঃখ প্রকাশ করে বলেন, নয় বছর কাজ করার পর এই শেষ বয়সে চাকরি হারাতে হলো।

 

এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন দাবি করেন, গত ২৩ অক্টোবর শ্রমিকেরা আন্দোলনের সময় কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এই পরিস্থিতিতে উৎপাদন চালানো সম্ভব নয়। তাই মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ধারা ১৩(১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

 

এ বিষয়ে শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, খবর পেয়ে তাঁরা সকাল থেকেই ঘটনাস্থলে আছেন। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। তিনি আরও বলেন, "ইতিমধ্যে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে; তাঁরা সমস্যা সমাধানে দুই ঘণ্টার সময় চেয়েছেন।"



সম্পর্কিত খবর