জাতীয়

বাঁশখালীর সাবেক এমপি মুজিব এখনও অধরা !

চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পরও তিনি চট্টগ্রামে সক্রিয় রয়েছেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২২ সালের ৪ জুন সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৫১ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। তদন্ত প্রতিবেদনে ডিপোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও নিয়মবহির্ভূতভাবে হাইড্রোজেন পার অক্সাইড সংরক্ষণের তথ্য উঠে আসে। বিস্ফোরণের ঘটনায় ডিপো কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ থাকলেও মামলার চূড়ান্ত প্রতিবেদনে কাউকে দায়ী করা হয়নি, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

মজিবুর রহমানের মালিকানাধীন স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আল রাজী কেমিক্যাল কমপ্লেক্স হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন ও রপ্তানি করে। বিস্ফোরণের পর চট্টগ্রামের হাটহাজারীর ঠান্ডাছড়ি এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের দাবিতে স্থানীয় জনগণ বিক্ষোভ করে, তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জনবহুল এলাকায় কারখানাটির অবস্থান ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।

রাজনৈতিকভাবে মজিবুর রহমান সক্রিয় রয়েছেন এবং অভিযোগ রয়েছে যে, তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়মিতভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছেন। তিনি চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদকও। অভিযোগ রয়েছে, তিনি তার সাংবাদিকদের নিয়মিত বেতন প্রদান করেন না এবং তার পত্রিকার রাহুল নামের এক সাংবাদিক তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন, যার মাধ্যমে তিনি বিভিন্ন সংস্থাকে অর্থায়ন করেন।

২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা আত্মগোপনে গেলেও মজিবুর রহমান চট্টগ্রামের বায়েজিদে তার অফিসে বসে দলীয় ও অন্যান্য সংগঠনের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণের মামলায় নিম্নস্তরের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হলেও মালিকপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবির পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি। হোয়াটএ্যপসে এসএমএস করলেও উত্তর দেননি।



সম্পর্কিত খবর