বরগুনার বামনায় আজ সোমবার ডৌয়াতলা গাজী হায়দার প্রি-ক্যাডেট অ্যান্ড আঞ্জুমানারা হাই স্কুলের সামনের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোসা. আসমা বেগম (৩৩) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের ফুলঝুড়ি কৃষি ব্যাংক শাখায় কর্মরত মো. এনামুল হকের স্ত্রী এবং ডৌয়াতলা গাজী হায়দার প্রি-ক্যাডেট অ্যান্ড আঞ্জুমানারা হাই স্কুলের শিক্ষিকা মোসা. আসমা বেগম বেলা ১১টার দিকে স্কুল ছুটি শেষে তাঁর শিশুসন্তান হুমায়রা আক্তারকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাইনা গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয় লোকজন ঘাতক চালক মো. জাহিদুল ইসলামকে আটক করে বামনা থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ এবং ঘাতক চালক জাহিদকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।