জামালপুরের সরিষাবাড়ীতে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি ও উৎপাদিত ধানের তুলনামূলক দাম কম। তাই কৃষকের মুখে হাসি নেই। এক কথায় এ উপজেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু বর্তমান বাজারে জাত ভেদে ১ মণ ধানের মূল্য ৭০০ থেকে ৯০০ টাকা। কিছু উন্নত জাতের চিকন ধান তার চেয়ে একটু বেশি দামে বিক্রি হচ্ছে। পক্ষান্তরে বাজারে ১ কেজি গরুর মাংসের মূল্য ৭০০ থেকে ৭৫০ টাকা। আর ১ জন শ্রমিকের মজুরি ৯০০ থেকে ১০৫০ টাকা। একদিকে উপর্যুপরি তাপদাহের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ক্ষেতের ধান তাড়াতাড়ি পেকে গেছে। অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ এড়াতেই একসাথে অধিক জমিতে পাকা ধান কাটতে হচ্ছে। যার ফলে শ্রমিকের যোগান অপেক্ষা চাহিদা বেড়ে যাচ্ছে। তাই শ্রমিকের মজুরিও আরেকটু বেড়েছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের এ চড়া বাজারের সঙ্গে তাল মিলাতে কৃষক সমাজের নাভিশ্বাস যেন বেড়েই যাচ্ছে। সুতরাং ১ মণ ধান বিক্রি করে ১ কেজি গরুর মাংস কেনা সম্ভব হলেও ১ জন শ্রমিকের মজুরি দেয়া সম্ভব হচ্ছে না। উপজেলাতে ৫ সহস্রাধিক হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৫ হাজার মেট্রিক টন চাল। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদের লক্ষ্যমাত্রা যেমন ছাড়িয়েছে। অপরদিকে ঠিক তেমনি উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরোর মৌসুমে ৫ হাজার ২০ হেক্টরের অধিক জমিতে ধান আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে। আশা করা যাচ্ছে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।