জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন পয়েন্টে ফসলী জমির মাটি ও বিভিন্ন নদ-নদীর বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চলছে। এ কাজে একটি চক্র কাজ করছে। চক্রের সদস্যরা প্রথমে জমির মালিককে আর্থিক প্রলোভনে মাটি বিক্রিতে রাজি করিয়ে নেয়। তারপর ওই জমি থেকে চুক্তির অধিক গভীর করে মাটি কেটে নেয়। ফলে পাশের জমির ভাঙ্গন রোধ ও সেচের পানি আটকানো অনেকটাই মুশকিল হয়ে পড়ে। তাই পাশের জমির মালিকগণ তখন অনেকটাই বাধ্য হয়ে তার জমির মাটিও সহজে ও সস্তায় বিক্রি করতে রাজি হয়। এভাবে জমির শ্রেণি পরিবর্তনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনার ব্যাঘাত ঘটছে। অপরদিকে কোন জলমহাল থেকে বালু করলে প্রাকৃতিক উপায়ে ভূমি ধ্বসের সৃষ্টি হয়। ফলে জলাশয়ের পাশের ভূমি ভাঙ্গনের কবলে পড়ে। এক সময় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে ভাঙ্গন কবলিত জমি নদী গর্ভে চলে যায়। এ চক্রের সাথে জড়িত রয়েছে বিভিন্ন পর্যায়ের নেতা, দালাল, ব্যবসায়ী, সুবিধাভোগীসহ কতিপয় অফিসের লোকজন। এসব লোক সাময়িক লাভবান হলেও চরম দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীদের। স্থানীয় পর্যায়ে প্রতিবাদ উঠলেও চক্রের সদস্যরা প্রভাবশালী হওয়ায় কাজের কাজ কিছুই হয় না। ক্ষেত্র বিশেষে দুষ্কৃতিকারীরাই উল্টা প্রতিবাদকারীদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ সমস্যা শুধু সরিষাবাড়ী উপজেলাতেই সীমাবদ্ধ নয়। জেলা ছাড়িয়ে দেশের সর্বত্রই বিরাজমান। তাই প্রচলিত ভূমি সংরক্ষণ ও নদী শাসন আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ওই সব দুর্নীতিবাজদের থামানো দরকার। এজন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণের সরেজমিনে খোঁজখবর নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।